লড়াই ছেড়ে হাতপাখার পক্ষে জামায়াত প্রার্থী!

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ এএম

বরিশাল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের পর তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একই দিন বিকেল ৪টা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে সাতজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেল ৪টা পর্যন্ত সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর সন্ধ্যায় চূড়ান্ত সংখ্যা জানানো হবে।’

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি বরিশাল সদর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিমকে সমর্থনের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার জন্য আমি জামায়াতে ইসলামীর সব নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা আমাকে ভোট দিতে চেয়েছিলেন, তারা যেন এখন ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিয়ে সমর্থন করেন।’

মনোনয়ন প্রত্যাহার করা অন্য প্রার্থীরা হলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান ও ইকবাল হোসেন তাপস। বরিশাল সদর-৫ আসনে এবি পার্টির প্রার্থী তারিকুল ইসলাম।

এ নিয়ে বরিশাল জেলার ছয়টি আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত