পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা ক্ষমতার অপব্যবহার করতে আগ্রহী, তারা সাধারণত গণভোটে ‘না’ ভোটের পথে হাঁটেন। দেশের ভবিষ্যৎ নির্মাণ এবং গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে হলে জনগণকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যে তিনি দাবি করেন, ‘হ্যাঁ’ ভোটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পরিবর্তনের পক্ষে যারা, তাদের উচিত ‘হ্যাঁ’ ভোট দিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করা। এমন সুযোগ বারবার আসে না বলেও তিনি উল্লেখ করেন।

ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, বিদ্যমান কাঠামোর কারণে সরাসরি সংবিধান পরিবর্তনের সুযোগ নেই। সে কারণেই জনগণের কাছে গণভোটের মাধ্যমে মতামত জানতে চাওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, যদি ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়, তবে সংসদে গিয়ে জনপ্রতিনিধিরা ইচ্ছেমতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত