ফ্যাসিস্টরা জুলাই যোদ্ধাদের বাঁচতে দিচ্ছে না: ফরিদা আখতার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্টরা এখনো ওঁৎ পেতে আছে। সুযোগ পেলেই তারা ফিরে আসতে চায়। তাই হায়েনার মতো জুলাই যোদ্ধাদের বাঁচতে দিচ্ছে না।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন— ভোট হবে আনন্দমুখর, কেউ ভয় পাবে না। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়নের পথ সুগম করতেই হ্যাঁ ভোট গুরুত্বপূর্ণ। এই সংস্কারগুলো আগামী নির্বাচিত সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় জনগণ।

সমাবেশের শুরুতে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণ প্রচার করা হয়। একই সঙ্গে ভোটারদের উদ্বুদ্ধ করতে গান ও বিভিন্ন সচেতনতামূলক চিত্র প্রদর্শন করা হয়। পরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত