বলপ্রয়োগের মাধ্যমে গ্রিনল্যান্ড অধিগ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতায় ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনও তার মিত্রদের কাছ থেকে কিছু চায়নি৷ তিনি বলেন, ‘অতিরিক্ত শক্তি ও বল প্রয়োগ না করলে আমরা সম্ভবত কিছুই পাবো না৷ সত্যি বলতে, আমরা অপ্রতিরোধ্য হবো৷’ তবে সেটি তিনি করবেন না বলেও উল্লেখ করেন৷ ট্রাম্প বলেন, ‘মানুষ ভেবেছে আমি বলপ্রয়োগ করবো৷ আমাকে বলপ্রয়োগ করতে হবে না, আমি বলপ্রয়োগ করতে চাই না, আমি বল প্রয়োগ করবো না৷’
গ্রিনল্যান্ডকে ‘কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে অপ্রতিরোধ্য’ উল্লেখ করে কেন তা যুক্তরাষ্ট্রের প্রয়োজন সেই যুক্তি তুলে ধরেন৷ মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘একা মার্কিন যুক্তরাষ্ট্রই এই বিশাল ভূমি, এই বিশাল বরফের টুকরো রক্ষা করতে পারে, উন্নত করতে পারে এবং এমনভাবে গড়তে পারে যাতে তা ইউরোপের জন্য ভালো, ইউরোপের জন্য নিরাপদ এবং আমাদের জন্য ভালো হয়৷’ এজন্য তিনি ‘তাৎক্ষণিক সমঝোতা’ চান বলে উল্লেখ করেন৷
ইউরোপ গ্রিনল্যান্ড ইস্যুতে সঠিক পথে এগুচ্ছে না বলেও বক্তৃতায় উল্লেখ করেন তিনি৷ বক্তৃতায় তিনি একাধিকবার গ্রিনল্যান্ডকে আইসল্যান্ড বলে উল্লেখ করেন৷
ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা এবং এর বিরুদ্ধে যাওয়া ইইউ দেশগুলোর বিরুদ্ধে নতুন করে শুল্ক হুমকির প্রেক্ষাপটে এবারের ডাভোস সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে৷
