টিএফআই সেলে নির্যাতন

শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিচার শুরু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ এএম

আওয়ামী লীগের শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে নির্যাতনের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারাগারে থাকা ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়।

প্রসিকিউশনপক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার বক্তব্যের পর এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন টিএফআই সেলে গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমেদ বিন কাশেম (আরমান)। জবানবন্দিতে তিনি বলেন, ২০১৬ সালের ৯ আগস্ট র‌্যাবের পোশাকধারী ব্যাক্তিরা তাকে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে নিয়ে যায়। বন্দিশালায় তাকে নির্যাতনের বিবরণ দেন তিনি। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল। র‌্যাবের ওই সেলে ১৪ জনকে গুম করে নির্যাতনের ঘটনায় ১৭ আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

টিএফআই সেলে গুমের মামলায় কারাগারে থাকা ১০ জন সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্ততিমূলক ছুটিতে), লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। এ ছাড়া শেখ হাসিনা, তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশীদ হোসেন, হারুন অর রশীদ ও র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলামসহ সাতজন এখনো পলাতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত