মানিকগঞ্জ -৩ আসনে (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ড. রফিকুল ইসলাম রফিক বলেছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়নবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব। মানিকগঞ্জ-সাটুরিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব। উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। অবহেলিত মানিকগঞ্জবাসীর উন্নয়নে করতে চাই। বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে নিজের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ড. রফিকুল ইসলাম রফিক বলেন, আমি সাধারণ জীবন যাপন করি। কাউকে কোনদিন ক্ষতি করিনি। সব সময় চেষ্টা করে যাচ্ছি মানুষের উপকারের জন্য। আমার বিরোধিরাও খারাপ কিছু বলতে পারবে না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর থেকেই স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছি। নিজের সব সম্পদ ও আয় বিলিয়ে দিয়েছি গরিব মানুষের মধ্যে। আমার ছেলে মেয়ে নেই। আমার জীবনে চাওয়া-পাওয়া, লোভ-লালসা বলতে কিছুই নাই। চাই শুধু মানুষের জন্য কাজ করতে।
ব্যক্তিগত অর্থায়নে মানিকগঞ্জ ও সাটুরিয়ায় গরিব ও দুস্থদের জন্য ১৫০টি ঘর করেছেন উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসী, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ এবং মাদকাসক্তির বিরুদ্ধে আপোষহীন লড়াই করব। অবৈধভাবে টাকা উপার্জন করব না এবং যারা করবে প্রশ্রয় দিব না। সরকার ঘোষিত ভাতা যথাযথভাবে নির্ধারিত জনগোষ্ঠীর হাতে পৌঁছানো নিশ্চিত করবো। নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
