সরস্বতী পূজা আজ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ এএম

বিদ্যা, জ্ঞান, কলা ও শুদ্ধতার প্রতীক দেবী সরস্বতী পূজা আজ। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। সাধারণত বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সনাতন শাস্ত্রমতে, চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আভিভূত শুভ্রবর্ণা বীণাধারিণী দেবীই হলেন সরস্বতী। অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকবর্তিকার পথ দেখাতে কল্যাণময়ী দেবীর সরস্বতীর পাদপদ্মে আজ প্রণতি জানাবেন তার ভক্তরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে পূজাম-পগুলো ঢাকঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। 

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।’

পূজা উপলক্ষে আজ সারা দেশে স্থায়ী মন্দির, অস্থায়ী ম-প, শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় ও ব্যক্তিগত উদ্যোগে গৃহে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে পূজার আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে ইতিমধ্যে মন্দির ও ম-পগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। 

সরস্বতী পূজায় ফুল, আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ এসব নানা উপাচার ব্যবহার করা হয়। এদিন সনাতনী ধর্মাবলম্বীদের শিশুদের হাতেখড়িসহ পিতৃতর্পণ (পূর্ব পুরুষদের স্মরণ করা) ও ব্রাহ্মণভোজন হবে। এ ছাড়া পূজা শেষে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতির আয়োজন থাকছে। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মেলাঙ্গনে নানা আয়োজন এবং আচারে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সকাল ৬টায় প্রতিমা স্থাপন, সকাল ৮টায় পূজার্চনা, সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলি ও ১১টায় প্রসাদ বিতরণ হবে। এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় প্রেস ক্লাবসহ পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজারে মন্দির ও অস্থায়ী ম-পে নানা আয়োজনে সরস্বতী পূজা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ বছর জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি ম-পে সরস্বতী পূজা হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করবেন। দুদিনব্যাপী এ আয়োজনে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচির আয়োজন থাকছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত