১০৩.০৬ স্ট্রাইকরেট নিয়েও পাকিস্তানের টি-২০ দলে ফিরলেন বাবর

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা শাহিন শাহ আফ্রিদি, আর ধারাবাহিক ব্যর্থতার পরও জায়গা ধরে রেখেছেন বাবর আজম। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্স করলেও দলে ফিরতে পারেননি হারিস রউফ।

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে লাহোরে। এই স্কোয়াডটিকেই টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের চূড়ান্ত দল হিসেবে ধরা হচ্ছে। বিশ্বকাপের দল ঘোষণার আগে এটিই শেষ সুযোগ অনেক ক্রিকেটারের জন্য। পাকিস্তান বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি, কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে।

গত মাসে বিগ ব্যাশে হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছিলেন শাহিন আফ্রিদি। সেই ইনজুরির পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। অন্যদিকে, বিগ ব্যাশে ব্যর্থ মৌসুম কাটালেও নির্বাচকদের আস্থায় টিকে গেছেন বাবর আজম।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি মাসে অভিষেকেই নজর কাড়া পারফরম্যান্স করা খাজা মোহাম্মদ নাফে দলে নিজের জায়গা ধরে রেখেছেন। উইকেটকিপার হিসেবে স্কোয়াডে আছেন নাফে ছাড়াও উসমান খান ও সাহিবজাদা ফারহান।

বিগ ব্যাশে বাবরের পারফরম্যান্স নিয়ে বেশ আলোচনা ছিল। ১১ ইনিংসে ২০২ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল মাত্র ১০৩.০৬—বিগ ব্যাশের ইতিহাসে ২০০-এর বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বনিম্ন। এক ম্যাচে সতীর্থ স্টিভেন স্মিথ শেষ বলে সিঙ্গেল নিতে অস্বীকৃতি জানানোয় বিষয়টি আলোচনায় আসে। এরপরের দুই ইনিংসে বাবর করেন মাত্র ১ রান। সিক্সার্সের হয়ে টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফেরেন তিনি।

অন্যদিকে, হারিস রউফ বিগ ব্যাশে শুক্রবার পর্যন্ত ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি—২০ উইকেট নিয়ে। তবু পাকিস্তান দলে জায়গা হয়নি তার। সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিলেন এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে, যেখানে শেষ দিকে ব্যয়বহুল বোলিংয়ের কারণে ম্যাচ হাতছাড়া হয় পাকিস্তানের। এরপর থেকেই নির্বাচকদের ভাবনায় অনেকটা পিছিয়ে পড়েছেন রউফ।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তানের টি–টোয়েন্টি দল:

সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত