অভিযোগ মির্জা ফখরুলের

নির্বাচন বানচালে গুপ্ত হামলা চালানো হচ্ছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেণ। ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘জনগণ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা করছে। দুষ্কৃতকারীদের গুলিতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুরুতর জখম করাসহ আরও কিছু নেতাকর্মীকে আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির বিকল্প নেই। এটি করা না গেলে আরও বড় ধরনের নাশকতা ঘটতে পারে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে তাদের জখমকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হাসান মোল্লাসহ আহতদের সুস্থতা কামনাসহ তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত