আসিফ মাহমুদ বললেন

পুরনো হিসাব নিকাশ এবার বদলে যাবে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে এবারের নির্বাচনে ভোটের পুরনো হিসাব-নিকাশ বদলে যাওয়ার ইঙ্গিত দেখতে পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আগের গতানুগতিক হিসাব-নিকাশ যে অমুক দলের ৩০ শতাংশ-অমুক দলের ৪০ শতাংশ সেই হিসাব-নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে বদলে দেবে। ১০ দলীয় জোট বিজয়ী হলে দেশে সুশাসন নিশ্চিত হবে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানম-ির রবীন্দ্র সরোবরে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যের অংশীদার এনসিপির নেতা আসিফ মাহমুদ। ধানম-ি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী মো. জসীম উদ্দীন সরকারের সমর্থনে ‘তারুণ্যের উৎসব ২০২৬’ শীর্ষক এই সমাবেশ হয়।

১০ দলীয় ঐক্য শুধু আসন ভাগাভাগির জন্য নয়, বরং সংস্কারসহ কিছু নীতির ভিত্তিতে গড়ে উঠেছে জানিয়ে এনসিপির মুখপাত্র বলেন, তারা বিজয়ী হলে ঐকমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই গণভোটে আছে, তার থেকে আরও বেশি সংস্কারের উদ্যোগ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত