মেয়েদের চ্যাম্পিয়নস কাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

নারী ক্লাব ফুটবলে তৈরি হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা উইমেনস চ্যাম্পিয়নস কাপের জন্য রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ মার্কিন ডলার, যা নারী ক্লাব ফুটবলের ইতিহাসে একক সর্বোচ্চ পুরস্কার।

ফিফার ঘোষণায় বলা হয়েছে, ছয় দল নিয়ে আয়োজিত এই নতুন আন্তঃমহাদেশীয় প্রতিযোগিতায় প্রাইজমানির পরিমাণ মোট ৪০ লাখ ডলার। পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলো এই অর্থ পাবে। টুর্নামেন্টে সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকে পাবে ২ লাখ ডলার করে। আগের রাউন্ড থেকে বিদায় নেওয়া নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনাইটেড এফসি এবং চীনের উহান চেগু জিয়াংদা উইমেনস এফসি পাবে ১ লাখ ডলার করে।

গত মৌসুমে উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ জিতে আর্সেনাল পেয়েছিল প্রায় ১৮ লাখ ডলারের প্রাইজমানি। পুরুষদের ২০২৫ ক্লাব বিশ্বকাপে ফিফা ৩২টি দলের মধ্যে মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার হিসেবে বিতরণ করেছে। 

নতুন এই টুর্নামেন্টে অংশ নেবে প্রতিটি মহাদেশীয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন ক্লাবগুলো। এর মাধ্যমে নির্ধারিত হবে বিশ্বের প্রথম নারী আন্তঃমহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়ন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের লন্ডনে। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি, ব্রেন্টফোর্ড স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের গথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স এবং ইংল্যান্ডের আর্সেনাল উইমেন।

নারী চ্যাম্পিয়নস কাপকে ২০২৮ সালে পূর্ণাঙ্গ নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবেও দেখছে ফিফা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত