টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইস্যুতে ক্রিকেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করতে পারে বলে দাবি করছে দেশটির গণমাধ্যম। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানালেন, বিশ্বকাপ বয়কটের প্রতি তার সমর্থন আছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। তবে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের প্রস্তাব নাকচ হয়ে যায়।
সেই সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালে বিকল্প হিসেবে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। এ প্রেক্ষাপটে অনানুষ্ঠানিক সূত্রে জানা যায়, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কটের কথা বিবেচনা করতে পারে। যদিও এর আগেও এমন খবর বেরিয়েছিল এবং পিসিবি সেটা নাকচ করে দিয়েছিল। নাজাম শেঠি মনে করেন, পিসিবি বিশ্বকাপ বয়কেটর সিদ্ধান্ত নিলে সেটি যথার্থ হবে।
টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেঠি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের বিষয়ে একটি শক্ত ও যুক্তিসংগত অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি নিঃসন্দেহে কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু আমি সেটিকে সমর্থন করব। মহসিন নাকভি (পিসিবি চেয়ারম্যান) খেলাটিকে বোঝেন এবং সবদিক সম্পর্কে তার ভালো ধারণা আছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই সঠিক হবে এবং তার উচিত সেটিতে অটল থাকা।’
আইসিসির ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন সাবেক এই পিসিবি প্রধান। তার অভিযোগ, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বরাবরই ভারতের পক্ষেই অবস্থান নেয়। শেঠির ভাষায়, ‘সময় এসেছে আইসিসিকে প্রতিটি বিষয়ে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করতে হবে। অন্য দেশগুলোকে একসঙ্গে দাঁড়াতে হবে। তখনই আইসিসি বুঝবে, এটি কোনো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।’
বাংলাদেশের দাবিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি, ‘নিরাপত্তা ঝুঁকি ও হুমকির বিষয়টি তুলে ধরে বিসিবি একটি যৌক্তিক আবেদন করেছিল। কিন্তু আইসিসি বিষয়টি গুরুত্ব দেয়নি। এখানে স্পষ্টতই ভারতের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে।’
কোটি টাকার নাঈম শেখের প্রতিটি রানের দাম ৪০ হাজার টাকা
বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যেতে পারে: আজিঙ্কা রাহানে
গত এক-দেড় বছর ধরে ক্রিকেট ব্যাহত হচ্ছে: শান্ত
দুই পুরস্কার আর সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েও হতাশ শরীফুল
বোতল ছোড়ার ঘটনায় চেলসির দেড় লাখ পাউন্ড জরিমানা