ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কিশোর ও যুবকদের প্রকাশ্যে কানে ধরিয়ে উঠবস করানোর ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
সোমবার (২৬ জানুয়ারি) এমএসএফের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একজন সদস্য লাঠি হাতে দাঁড়িয়ে কয়েকজন কিশোর ও যুবককে সারিবদ্ধ করে শারীরিক ও মানসিকভাবে অপমানজনক শাস্তি দিতে দেখা গেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি একটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। তাছাড়া প্রকাশ্যে কানে ধরিয়ে উঠবস করানো মধ্যযুগীয় শাস্তিরই একটি রূপ, যা সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সরাসরি লঙ্ঘন।
বাংলাদেশের সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নাগরিককে আইনসম্মত বিচার প্রক্রিয়া ছাড়া দণ্ড দেওয়া যাবে না এবং কাউকে নিষ্ঠুর, অমানবিক কিংবা অবমাননাকর আচরণের শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তাছাড়া অপরাধ করলে সেটি তদন্ত ও বিচার করার দায়িত্ব একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির। ‘শৃঙ্খলা রক্ষার’ নামে প্রকাশ্যে শারীরিক শাস্তি কোনোভাবেই বৈধ নয় এবং এটি সমাজে ভয়, অপমান ও বিচারবহির্ভূত শাস্তির সংস্কৃতিকে উসকে দেয়-যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। অবিলম্বে এই ঘটনার একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করে ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
