ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নবম সমাবর্তন গতকাল সোমবার ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়।
এবারের সমাবর্তনে প্রায় এক হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলের স্বীকৃতিস্বরূপ তিনজন মেধাবী শিক্ষার্থীকে আইইউবিএটির প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক প্রদান করা হয়। স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজী বিভাগের মোছা. লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেল্থ বিভাগের মাহারুন্নেসা মিতু। স্বর্ণপদকপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জনের জন্য শাহরিন খন্দকার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমউল্যা মিয়ান পুরস্কার লাভ করেন।
সমাবর্তনে এমবিএ, এমপিএইচ, বিবিএ, কৃষি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নার্সিং, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে আইইউবিএটির গবেষণা কার্যক্রম, বৈশ্বিক র্যাঙ্কিং অর্জন, টেকসই উন্নয়নবিষয়ক শিক্ষার উদ্যোগ এবং জ্ঞানভিত্তিক এলাকা উন্নয়ন কর্মসূচির প্রশংসা করেন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন। স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। বিজ্ঞপ্তি
