রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ

৩ দিনে ৬টি জনসভা

নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১২ এএম

সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের পর এবার রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরপর সড়ক পথে নওগাঁ যাবেন। সেখানে জনসভা শেষে বগুড়ায় নির্বাচনী সমাবেশ করবেন।

এদিকে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারেক রহমান আজ বৃহস্পতিবার তিন দিনের সফরে যাচ্ছেন রাজশাহী ও রংপুর বিভাগে। বৃহস্পতিবার (আজ) ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী যাবেন। রাজশাহীতে শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সেখান থেকে যাবেন রাজশাহী মাদ্রাসা মাঠে। সেখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এরপর সড়ক পথে যাবে নওগাঁ। সেখানে এটিএম মাঠ, কাজির মোড়ে সমাবেশ করবেন। সেখান থেকে সরাসরি বগুড়া যাবেন। বগুড়ায় রাতযাপন করবেন। শুক্রবার যাবেন রংপুরে। সেখানে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর যোগ দেবেন রংপুর ঈদগাও মাঠে নির্বাচনী সমাবেশে। সেখান থেকে ফিরে বগুড়ায় রাতযাপন করবেন। শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। তারপর ঢাকার ফিরবেন।

রাজশাহীতে জনসভা আজ, উৎসাহ-উদ্দীপনা : নিজস্ব প্রতিবেদক রাজশাহী জানিয়েছে, দুই দশক পর আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এরই মধ্যে শেষ হয়েছে জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ। শহর জুড়ে চলছে মাইকিং। তারেক রহমানের এ জনসভা ঘিরে পুরো রাজশাহী আজ জনসমুদ্রে রূপ নেবে বলে আশা করছেন বিএনপি নেতাকর্মীরা। দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা চোখে পড়ছে। ভোটের প্রচারণাতেও যুক্ত হয়েছে বাড়তি আমেজ। দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের আগমনের সঙ্গে জড়িয়ে আছে তাদের আবেগ। এ সমাবেশ দলের প্রতিটি ইউনিটে যুক্ত করবে নতুন মাত্রা। এর সুফল মিলবে এবারের জাতীয় নির্বাচনের ফলাফলেও।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন দেশ রূপান্তরকে বলেন, ‘দলের চেয়ারম্যান আসছেন এই খবর শুনে আমরা সবাই আনন্দিত। এটি আমাদের আবেগের সঙ্গে জড়িত। প্রতিটি নেতাকর্মীই এখন অপেক্ষার প্রহর গুনছেন। তারেক রহমানের বক্তব্য শোনার এবং তাকে একনজর দেখার জন্য অগণিত মানুষ মাদ্রাসা মাঠে আসবেন। পুরো রাজশাহী শহর জনসমুদ্রে পরিণত হবে।’

জনসভার প্রস্তুতি সম্পর্কে অবগত করতে বুধবার দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। এতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা রাজশাহী সদর আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, ‘তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহী মহানগরীসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে এলাকায় এলাকায় প্রচার কার্যক্রম চালানো হয়েছে। এ জনসভা রাজশাহীর ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। মাদ্রাসা মাঠ থেকে পুরো মহানগরী জনসমুদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।’

এদিকে বিএনপির সমাবেশের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল দুপুরে র‌্যাবের একটি দল জনসভা মঞ্চ পরিদর্শন করেছেন। ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে সভামঞ্চ।

আমাদের বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, আজ ২৯ জানুয়ারি বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছেন, তাই জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। পুরো শহর জুড়ে সাজ সাজ রব। এদিকে নতুন করে সাজানো হয়েছে জেলার দলীয় কার্যালয়। সেই সঙ্গে নতুন করে ঢেলে সাজানো হয়েছে তারেক রহমানের রাজনৈতিক কক্ষটিও। সমাবেশ ঘিরে বগুড়ায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, আজ (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। তারপর শহরের সিলিমপুরে অবস্থিত চারতারকা হোটেল নাজগার্ডেনে রাতযাপন করবেন। এরপর শুক্রবার সকালে তিনি নিজ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পিতৃভূমি গাবতলীর বাগবাড়ির জিয়াবাড়িতে যাবেন। সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করবেন।

এ উপলক্ষে শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয় নতুন করে ঢেলে সাজানো হয়েছে। দলীয় কার্যালয়ের ভেতরে রয়েছে একটি আলাদা রাজনৈতিক কক্ষ, যা তারেক রহমান বিগত সময়ে ব্যবহার করতেন। ২০০৬ সালে তারেক রহমান বগুড়া থেকে চলে যাওয়ার পর আর এ কক্ষটি ব্যবহার হয়নি। ১৯ বছর পর কক্ষটিকে নতুন করে সাজানো হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমান ওই কক্ষে বসবেন এবং বগুড়া থেকে আবারও উত্তরের রাজনৈতিক কর্মকা- পরিচালনা করবেন। পুরো দলীয় কার্যালয় জুড়ে শুধু নতুন রূপে সাজানো হয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় ফেস্টুন-ব্যানার টানানো হয়েছে প্রিয় নেতাকে স্বাগতম জানাতে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া আসবেন। বগুড়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঘরের ছেলেকে বরণ করে নিতে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। শুক্রবার তার নিজ নির্বাচনী আসন সদরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করবেন। আমরা তাকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করব। যাতে ভবিষ্যতে তার বিপরীতে কেউ ভোট করা সাহস না পায়।

এর আগে গত ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তখন তারেক রহমানের সেই কর্মসূচি বাতিল করা হয়। লন্ডনে দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসনে থাকার পর দেশে ফেরার পর এটি তার নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফর। সর্বশেষ ২০০৬ সালে তিনি বগুড়ায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

নওগাঁ প্রতিনিধি জানিয়েছেন, ২০ বছর পর আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে অংশ হিসেবে নওগাঁ আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ শহরের এটিম মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান জানান, ২০ বছর পর নওগাঁয় বিএনপির চেয়ারম্যান আসবেন। চেয়ারম্যানের আগমন উপলক্ষে ঈদের আনন্দের মতো আনন্দ বিরাজ করছে। চেয়ারম্যানকে বরণ করে নিতে প্রস্তুত নওগাঁবাসী। প্রায় দুই লাখের বেশি মানুষের জনসমাগম হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত