১৪ বছর পর আজ চালু হচ্ছে ঢাকা করাচি ফ্লাইট

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম

১৪ বছর পর আবার ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ বৃহস্পতিবার। নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরইমধ্যে উদ্বোধনী ফ্লাইটের ১৬২টি আসনের সবকটি টিকিটই বিক্রি হয়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম ফ্লাইটে কোনো আসন ফাঁকা নেই। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করবে রাত ৮টায় এবং করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে। তিনি আরও বলেন, ঢাকা-করাচি ১ হাজার ৪৭১ মাইল পথ অতিক্রমে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।

যাত্রা সময় হবে প্রায় তিন ঘণ্টা। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ট্রানজিট ছাড়াই যাতায়াত সম্ভব হবে, এতে যাত্রীদের সময় বাঁচবে এবং রাউন্ড ট্রিপে খরচ কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।

জানা গেছে, পরীক্ষামূলকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই রুটে ফ্লাইট চালানো হবে। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার ঢাকা-করাচি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় এবং নির্ধারিত করিডর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত