সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খুলনায় পরিদর্শন করেছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় গতকাল বুধবার দুপুরে পরিদর্শনের লক্ষ্যে তিনি মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
সফরকালে সেনাপ্রধান খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান খুলনা পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি খুলনা বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রম পর্যবেক্ষণ এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল বেলা ১১টায় সেনাপ্রধান হেলিকপ্টারে পটুয়াখালী পৌঁছান। পরে তিনি পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
