জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১-দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ক্ষমতায় যাওয়ার আগে হুমকি, ভয়ভীতি, চাঁদাবাজি এবং দলীয় স্বার্থের জন্য নির্যাতন চালায়, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকবে না। তিনি গতকাল বৃহস্পতিবার খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন, গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা, খুলশীসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনী মাঠে ভীতি ছড়িয়ে জনগণকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করছে। তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু নারীরা সিঁদুর বা বোরকা পরে থাকতে বাধ্য হবে। এটি সম্পূর্ণ অপপ্রচার। ইসলামি শাসনের অধীনে সবাই নিরাপদ থাকবে।
