চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর এক সৈনিক প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নৌবাহিনীর এক নাবিক। পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নৌবাহিনীর এলএস নাজমুস সাকিব (৩৮) ও আহত নাবিক মো. ইকরাম দুজনই চট্টগ্রাম পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ছুটির দিনে মোটরসাইকেলে করে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে বের হন তারা। পথিমধ্যে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এতে নাজমুস সাকিবের মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় ইকরামকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, পটিয়া বাইপাস সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও নজরদারির অভাবের কারণে প্রায়ই প্রাণঘাতি দুর্ঘটনা ঘটছে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় নৌবাহিনীর একজন এলএস ঘটনাস্থলেই মারা যান। দ্রুত ঘটনাস্হলে হাজির হয়ে আহতকে হাসপাতালে পাঠাই। নৌবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে অবগত করে মৃত ব্যক্তির বিষয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি আটক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
