নোয়াখালীর হাতিয়ার নলচিরাঘাটে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে নলচিরাঘাটে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকালে এ হামলার ঘটনা ঘটে। এনসিপি ও বিএনপি উভয়পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করছে।
ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকায় গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ ফেরি সার্ভিস চালু হলে প্রায় সাত লাখ হাতিয়াবাসীর জন্য এ নৌরুটে দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর হবে এবং যানবাহন ও মালামাল পরিবহন আরও সহজ হবে বলে জানা গেছে।
