পে-স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

পে-স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯-১১টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে দুই ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভুখা মিছিল’ করার আলটিমেটাম দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং জ¦ালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে করা সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মো. মাহমুদুল হাসান। সমাবেশে দ্রুততম সময়ের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের জোর দাবি জানান।

বক্তারা বলেন, ‘গত সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরেও সরকার কর্মচারীদের দাবি আমলে নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের পর আশা করা হয়েছিল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে, কিন্তু তা হয়নি।

২১ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন। এ ছাড়া জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কর্মচারীরা বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই অবিলম্বে বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে ১৪-এর ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা ও সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা বেতন নির্ধারণ করে নবম পে-স্কেলের গেজেট জারি করতে হবে।’ একই সঙ্গে তারা অন্য দাবিগুলোও তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত