লালমনিরহাট রাঙ্গামাটিতে জনগণের মুখোমুখি প্রার্থীরা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ এএম

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এই প্রতিপাদ্য নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ও লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থীরা গতকাল শনিবার জনগণের মুখোমুখি হয়েছেন।

গতকাল সকালে লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ অনুষ্ঠানে আসনের ছয়জন প্রার্থী অংশ নেন।

ভোটারদের সামনে প্রার্থীদের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরতে এ আয়োজন করে সুজনের লালমনিরহাট জেলা শাখা। সুজন লালমনিরহাট জেলা শাখা সভাপতি আমিরুল হায়াত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করেন।

প্রার্থীরা উপস্থিত জনগণের প্রশ্নের জবাব দিয়ে তাদের নির্বাচনী অঙ্গীকার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

এদিকে রাঙ্গামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা গতকাল শনিবার জনগণের মুখোমুখি হন। সকালে শহরের পৌরসভা প্রাঙ্গণে সুজন রাঙ্গামাটি জেলা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত চার প্রার্থী ভোটারদের কাছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থী পাঁচ মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান।

প্রার্থীরা সম্মিলিতভাবে হাত উঁচিয়ে এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর করে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি করার প্রতিশ্রুতি দেন।

প্রার্থীরা নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মধ্যে স্থায়ী শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশ, নারীর ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সুজন রাঙ্গামাটি জেলা কমিটিরি সভাপতি দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে রাঙ্গামাটি আসনের সাত প্রার্থীর মধ্যে চারজন উপস্থিত ছিলেন। তারা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের জুঁই চাকমা, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের অশোক তালুকদার ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমএ বাশার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত