ফেসবুক বিড়ম্বনায় মৌ, কড়া হুঁশিয়ারি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

নিজের নামে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র মডেল, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ-এর নামে।  তিনি অভিযোগ করেছেন, এসব ভুয়া আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা হচ্ছে। তার পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে। এ নিয়ে তিনি চরম বিরক্তি, বিব্রতবোধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, এতে করে তার সুনাম নষ্ট হচ্ছে। 

মৌ স্পষ্টভাবে জানিয়েছেন, ফেসবুকে তার একটি একক ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে যার নাম ‘সাদিয়া ইসলাম’। কিন্তু ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে কোনো আইডি বা পেজ নেই। ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই। তিনি বলেন, ‘যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের অনুরোধ করছি, এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া আইনত অপরাধ।’ 

মৌ আরও জানিয়েছেন, ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে তিনি সতর্ক করেছেন, ‘ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তাই হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত