সেই লিমনকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ এএম

১৫ বছর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে পা হারানো লিমন হোসেনকে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। তাকে কেন ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি লিমনকে গুলি করা অভিযুক্ত র‌্যাব সদস্যদের খুঁজে বের করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে এ রিট আবেদনটি করা হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, কাজী জাহেদ ইকবাল। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান, প্রিয়া আহসান চৌধুরী ও বনরূপা রায়। অ্যাডভোকেট বনরূপা রায় দেশ রূপান্তরকে বলেন, লিমনকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রুল দিয়েছে হাইকোর্ট। আর যারা তাকে গুলির ঘটনায় জড়িত ছিলেন সেইসব র‌্যাব সদস্যদের এখন কে কোথায় আছেন তা আমাদের জানা নেই। তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রশ্নেও রুল দিয়েছে আদালত। 

২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‌্যাবের অভিযানের সময় গুলিবিদ্ধ হন লিমন। কয়েক দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাঁ পা কেটে ফেলতে বাধ্য হন। লিমনের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার কয়েকদিন আগে এ ঘটনা ঘটে। ফলে সে বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি। লিমনকে গুলি ও পঙ্গু করার ঘটনাটি তখন দেশ জুড়ে আলোচিত হয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। পঙ্গুত্ব অবস্থায় এইচএসসি পাস করে লিমন সাভারের গণবিশ^বিদ্যালয়ে ভর্তি হন। তিনি এখন একই বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত