চানখাঁরপুল হত্যাকান্ড

সাজাপ্রাপ্তদের আপাতত মুক্তি মিলছে না

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তি পাচ্ছেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারক বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। চেম্বার আদালত তিন বছরের সাজাপ্রাপ্ত কনস্টেবল সুজন হোসেনের বিষয়ে ট্রাইব্যুনালের দেওয়া পর্যবেক্ষণ স্থগিত করেছে। চানখাঁরপুল হত্যাকান্ডের মামলার রায়ের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ ও আপিল আবেদন করে প্রসিকিউশন। আবেদনের পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যা করে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের সেই মামলায় গত ২৬ জানুয়ারি রায় দেয় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। রায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদন্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। এ ছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনকে চার বছর এবং সাবেক তিন পুলিশ কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদ-াদেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আপিল বিভাগে আবেদন করে প্রসিকিউশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত