দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়।
রাজধানী কিনশাসা থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, দুর্গম এলাকায় অবস্থান করায় এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সরকারি সূত্র জানায়, ভূমিধসের ঘটনাটি ঘটেছে দেশটির খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের একটি খনিতে, যা বর্তমানে এম২৩ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, অবৈধ খনন, নিরাপত্তাহীন পরিবেশ এবং নিয়মিত তদারকির অভাবের কারণেই এসব খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
সরকার জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে।
