ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আর সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মানবিক নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাকসু ভিপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়ে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার যে লড়াই চলছে, সেই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোট শুধু একটি সনদের পক্ষে নয়, বরং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সাদিক কায়েম বলেন, গত ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণের মত প্রকাশের সুযোগ ছিল না। সেই প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ইনসাফের প্রতিনিধিকে ভোট দিয়ে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
সাদিক কায়েম আরও বলেন, বর্তমানে তরুণ সমাজসহ দেশের সর্বস্তরের নাগরিক ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
ডাকসু ভিপি আরও বলেন, সারা দেশের মানুষ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলির প্রতিনিধিদের নির্বাচিত করতে মুখিয়ে রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে জনগণ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) এজিএস ফেরদৌস আল হাসান। পথসভায় ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদাসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর থেকে সড়কে পথসভা করে করে সকলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগদান করেন।
