এপস্টেইন কাণ্ডে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্যপদ ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। সাবেক এই মন্ত্রী জানান, প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে যাতে আর কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্যই দল ছাড়ার সিদ্ধান্ত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন-সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করে। এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচনের পর বিশ্ব জুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। নতুন এসব নথিতে ৭২ বছর বয়সী লর্ড ম্যান্ডেলসনের নাম এসেছে।
এপস্টেইনের নথিতে উল্লেখ রয়েছে, ২০০৩ ও ২০০৪ সালে লর্ড ম্যান্ডেলসনকে তিনটি পৃথক লেনদেনে ২৫ হাজার ডলার করে সব মিলিয়ে ৭৫ হাজার ডলার দিয়েছিলেন এপস্টেইন। তবে, এই অভিযোগকে মিথ্যা দাবি করেছেন ম্যান্ডেলসন। এর আগে, এপস্টেইন কাণ্ডে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে ম্যান্ডেলসনকে সরিয়ে দেওয়া হয়েছিল।
