শুরু হলো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। প্রতিবারের মতো এবারও ভাষা আন্দোলনের চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হচ্ছে ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ছয় দিনব্যাপী এ আয়োজন শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। এবারের আসরে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখার আয়োজনটি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আজ প্রথম দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে শুরু হবে উৎসব। এ সিনেমায় নূর নামের এক প্রবাসী বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে সকাল ১০টায় দেখা যাবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, বেলা সাড়ে ৩টায় শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় রায়হান রাফীর ‘তাণ্ডব’।
তৃতীয় দিনের প্রথম চলচ্চিত্র সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’, এরপর সাদিক আহমেদ পরিচালিত দ্য লাস্ট ঠাকুর। দিনের বাকি দুই চলচ্চিত্র বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে যথাক্রমে পিপলু খানের ‘জয়া আর শারমিন’ ও মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। চতুর্থ দিনের সকাল ১০টায় প্রদর্শিত চলচ্চিত্র হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’। দুপুর সাড়ে ১২টায় দেখানো হবে জনপ্রিয় সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। বেলা সাড়ে ৩টায় দেখা যাবে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় কামার আহমাদের ‘অন্যদিন’। ৭ ফেব্রুয়ারি উৎসবের পঞ্চম দিনে দেখা যাবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও তানিম নূরের ‘উৎসব’।
আয়োজনের শেষ দিন প্রদর্শিত হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে দেখা যাবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমা, এরপর কাজী হায়াতের ‘ধর’। এ দিন বেলা সাড়ে ৩টায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মাহফুজ সরকারের ‘ময়া : দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের জন্ম থেকে জ¦লছি ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’।
