পঞ্চগড়ের বোদায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক মাধ্যম এক্সের পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিচারের দাবি জানিয়ে ঝাড়– মিছিল করেছেন বিভিন্ন পেশাজীবী নারীরা। গতকাল বিকেলে বোদা উপজেলা ও বোদা পৌরসভার ‘কর্মজীবী এবং সাধারণ মা-বোনেরা’ ব্যানারে ঝাড়– মিছিলটি করা হয়। মিছিলটি উপজেলা সদরের ধানহাটি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা এ সময় কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নানা ধরনের সেøাগান দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ভিমপুকুর এলাকার বাসিন্দা গ্রাম্য স্বাস্থ্যকর্মী আরিফা আক্তার মণি বলেন, ‘জামায়াতের আমির শফিকুর রহমানের স্ত্রীও একজন ডাক্তার। অথচ তিনি কর্মজীবী নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। একজন নারী হিসেবে এর তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করছি।’ বোদা পৌরসভার নগরকুমারি এলাকার গৃহিণী কাজলরেখা বলেন, ‘কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তাকে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করছি।’
