সুখবর পেলে বিএনপির তিন প্রার্থী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তিন মনোনীত প্রার্থীর অংশগ্রহণের আইনি পথ উন্মুক্ত করে দিয়েছেন আদালত। চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলম, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী ও শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে কোন বাধা নেই বলে মঙ্গলবার রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী মো. মজিবুর রহমান জানান, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদন খারিজ করে আদালত এ সিদ্ধান্ত দেন।

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরও নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে আদালত নির্দেশ দিয়েছেন, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

এম. সারোয়ার আলমগীরের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। জামায়াত প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন।

গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের রায় দেয়। রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র বৈধ হওয়ার পর ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল। এ আসনে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যান।

অন্যদিকে, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিলের পর আপিলে ফিরে পান। বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত