সাংবাদিক ফারুক মেহেদীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম

সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের হেড অব নিউজ ফারুক মেহেদীর রচিত দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বই দুটি হলো ‘সংকট-সম্ভাবনার অর্থনীতি সেরাদের মুখোমুখি’ এবং ‘আমার সেরা লিড নিউজ’। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে আয়োজিত অনুষ্ঠানে বই দুটির আনুষ্ঠানিক উন্মোচন করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ।

অয়ন প্রকাশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চ্যানেল টোয়েন্টিফোরের সাবেক সিইও মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।

২০২১ সাল থেকে জাতীয় দৈনিকে প্রকাশিত দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সরকারের দায়িত্বশীল কর্মকর্তা এবং বিভিন্ন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে সংকলিত হয়েছে ‘সংকট-সম্ভাবনার অর্থনীতি সেরাদের মুখোমুখি’। অন্যদিকে দেশের সামষ্টিক অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করে পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রধান প্রতিবেদনগুলো একত্র করে সাজানো হয়েছে ‘আমার সেরা লিড নিউজ’ বইটি।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ বলেন, ‘সময়ের প্রেক্ষাপটে অর্থনীতির গতি-প্রকৃতি ও বাঁক বদলের প্রামাণ্য দলিল এই বই দুটি। দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সাংবাদিকতার ছাত্র ও সরকারি নথি তৈরিতে বইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সমসাময়িক অর্থনীতি নিয়ে সংক্ষেপে জানতে হলে এই বই দুটি পড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেও যখন বাজেট সংক্রান্ত বিষয়ে কোন পত্রিকায় লিখতাম, তার আগে ফারুকের কাছ থেকে তথ্য সংগ্রহ করতাম।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা। এছাড়া রয়েল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আশা’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান এবং প্রবীণ বিষয়ক গবেষক হাসান আলী অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে জীবন কানাই দাস বলেন, ‘একসঙ্গে কাজের সুবাদে ফারুক মেহেদীকে আমি আগে থেকেই চিনি। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির যোগ্যতা, ক্ষমতাকে প্রশ্নবানে জর্জরিত করা, চিন্তা-চেতনায় অগ্রসরতা ও পাঠকপ্রিয় লেখা তিনি লিখেন। তার বই দুটি পাঠক সমাজে গ্রহনযোগ্যতা পাবে বলেই প্রত্যাশা।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘অর্থনীতির ছাত্র হিসেবে একজন যখন অর্থনীতি নিয়ে লেখেন তখন তা সহজেই পাঠকপ্রিয় হয়ে ওঠে। ক্লাসরুম থেকে শুরু করে কর্মক্ষেত্রে-সবজায়গায় নিজের মেধা-যোগ্যতা দিয়ে ফারুক নিজেকে অনন্য অবস্থানে নিয়ে গেছে। আমি তার সাফল্য কামনা করি।’

নিজের বক্তব্যে সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী জানান, ‘সেরাদের মুখোমুখি’ বইটিতে ২০২১ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের সাক্ষাৎকার সংকলিত হয়েছে। আর ‘আমার সেরা লিড নিউজ’ গ্রন্থে স্থান পেয়েছে ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের নির্বাচিত লিড নিউজ। তিনি বলেন, সাক্ষাৎকারভিত্তিক বইয়ে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের কথা উঠে এসেছে, যারা মূলত অর্থনীতি ও দেশের ব্যবসা-বাণিজ্যের নেতৃত্ব দেন। তাদের দৃষ্টিতে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংকটের নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি লিড নিউজগুলোতে অর্থনীতির সুযোগ, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং নীতিনির্ধারণী বিষয়গুলোর সন্নিবেশ রয়েছে। এসব সংবাদ প্রকাশের পর অনেক ক্ষেত্রে নীতিগত পরিবর্তনও এসেছে বলে তিনি উল্লেখ করেন। ফারুক মেহেদীর মতে, বই দুটি দেশের অর্থনীতির প্রতিনিধিত্ব করে এবং সমসাময়িক অর্থনীতির সামগ্রিক চিত্র জানতে সহায়ক হবে।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রয়েল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রবীণ অর্থনীতি গবেষক হাসান আলী, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা এবং কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস সাংবাদিক ফারুক মেহেদীর দুই দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে ফারুক মেহেদীর কাজের গুণগত মান অনেকের জন্যই অনুসরণীয়। এছাড়া অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন এবং সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আজিজুর রহমানও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত