সিলেটে একজন যুক্তরাজ্য প্রবাসীর আংশিক পোড়া ও গলায় দড়ি বাঁধা লাশ হাওর থেকে উদ্ধার করা হয়েছে। গত ৩০ জানুয়ারি তিনি নিখোঁজ হয়েছিলেন।
গত মঙ্গলবার সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপাড় এলাকার মধ্যবর্তী হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত প্রবাসীর নাম বুরহান উদ্দিন শফি (৫৫)।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মৃত সমছু মিয়ার ছেলে। বুরহান উদ্দিন শফি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪ নম্বর বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাওরে একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির দুটি টিমও সেখানে যায়। এরপর আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। পাশাপাশি লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
জকিগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক জানান, বুরহান উদ্দিন শফি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে মৌলভীবাজারের কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। ওইদিনই তার স্বজনরা সিলেটের বিমানবন্দর থানায় একটি জিডি করেছিলেন।
ওসি আরও জানান, মরদেহের একাধিক স্থানে আগুনে পোড়া চিহ্ন রয়েছে এবং গলায় দড়ি বাঁধা ছিল। পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আবদুর রাজ্জাক আরও বলেন, ‘প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে এটি একটি হত্যাকা-। এর রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
