নির্বাচনের সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল বৃহস্পতিবার পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এ প্রেক্ষাপটে নির্বাচনকালীন সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র, অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীতভাবে আবেদন জানাচ্ছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে সম্পাদক পরিষদ রাজনৈতিক দলগুলোর প্রতিও বিনীত অনুরোধ জানাচ্ছে, যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করে।
সম্পাদক পরিষদ আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবে এবং নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
