কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে আমির হামজা দলীয় নেতাকর্মীদের নিয়ে ভ্যান, রিকশা, অটোচালক, পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোর্য়াদ্দার এবং শহর জামায়াতের আমির এনামুল হক সহ জামায়াত নেতারা অংশ নেন।
নির্বাচন ঘনিয়ে আসায় কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে জোরদার প্রচার-প্রচারণা চলছে। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই চারটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারটি আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন।
