ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সংগঠনের কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সংগঠনের ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনটি জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে, জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এই যাত্রা শুরু হয়।

আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

ইনকিলাব মঞ্চ দাবি করে, এই সময় জাবের গুলিবিদ্ধ হন। এ ছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন।

তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত