খুলনায় বস্তিতে হামলায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

খুলনা রেলওয়ে হাসপাতাল রোডের মার্কেটসংলগ্ন এলাকায় প্রতিপক্ষের হামলায় বাবুল মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বাবুল মোল্লা ওই এলাকার মৃত লালচান মোল্লার ছেলে। তিনি হাসপাতাল রোডের একটি বস্তিতে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বস্তিতে পানি ছিটানোকে কেন্দ্র করে বাবুল মোল্লার পরিবারের এক সদস্যের সঙ্গে পাশের একটি পরিবারের—যাদের স্থানীয়ভাবে গামার পরিবার নামে পরিচিত—বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এর ধারাবাহিকতায় রাতে গামাসহ তার আশপাশের কয়েকজন একত্র হয়ে বাবুল মোল্লার ঘরে ঢুকে তাঁকে মারধর করে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাবুল মোল্লাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার বড় বাজার ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন জানান, বিকেলের ওই বিরোধ থেকেই রাতের হামলার সূত্রপাত হয় এবং সংঘর্ষের একপর্যায়ে বাবুল মোল্লা গুরুতরভাবে আহত হন।

নিহত বাবুল মোল্লার চার কন্যা রয়েছে। তাঁর মেয়ে রিমি জানান, প্রতিবেশী নাসু, রেখা, গামা ও সাব্বিরসহ আরও কয়েকজন মিলে তাঁর বাবাকে মারধর করেছেন। তিনি বলেন, বিকেলের ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছিল। তবে তখন বিষয়টি মীমাংসার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত