বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার আয়োজনে বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর নির্বাচনী জনসভা হয়েছে। গতকাল শুক্রবার আমতলী পৌরসভা চত্বরে সকাল ১০টায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর একশ্রেণির লোক নেমেছিল বাস-অটোস্টেশন দখল আর চাঁদাবাজির জন্য। আমরা তখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় রক্ষারসহ সবার জানমাল রক্ষার জন্য পাহারাদার হিসেবে কাজ করেছি। গতকাল (বৃহস্পতিবার) আমতলী এসেছিলাম বাংলাদেশের কোথাও যদি হাতপাখা প্রতীকের বিজয় নাও হয়, বরগুনা-১ আসনে হবে। যারা নির্বাচন করছে ওই দলীয় লোকজন গোপনে এসে আমার সঙ্গে দেখা করেছে। দেখা করার পর বলল, হুজুর, বরগুনা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে হাতপাখার বিজয় হবে।’
এ সময় তিনি একটি দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের বিরক্ত করবেন না, ভালো থাকতে দেন; আপনারাও ভালো থাকেন।’
