অদম্য কাপের ফাইনাল দুর্বার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ এএম

ফাইনালে ওঠার জন্য বড় ব্যবধানে জয়ের কঠিন সমীকরণ ছিল আকবর আলির দুরন্ত একাদশের সামনে। কিন্তু সেই লক্ষ্য তো পূরণ হয়নি, উল্টো ম্যাচেই হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তাদের। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ ৭ উইকেটের সহজ জয়ে অদম্য কাপের ফাইনাল নিশ্চিত করেছে।

শনিবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১৪৫ রানে থামে দুরন্ত একাদশ। জবাবে ১৭.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে দুর্বার একাদশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় আকবর আলির দল। প্রথম চার ব্যাটারই ব্যর্থ হন। মাহফিজুল ইসলাম রবিন ২২ বল খেলে মাত্র ৮ রান করেন। জিসান আলম রানের খাতা না খুলেই ফেরেন। জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমও আউট হন এক অঙ্কের ঘরে থেমে।

মাঝের ওভারে দলকে লড়াইয়ে ফেরান আরিফুল ইসলাম ও এসএম মেহেরব হাসান। আরিফুল ৩২ বলে ৪১ এবং মেহেরব ২৩ বলে ৩৬ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। অধিনায়ক আকবর আলির ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের ৯ বলে ১৮ রানে দেড়শর কাছাকাছি পৌঁছায় দুরন্ত একাদশ।

দুর্বার একাদশের হয়ে দুর্দান্ত বোলিং করেন সৈয়দ খালেদ আহমেদ। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। কিপটে বোলিংয়ে আলিস আল ইসলাম চার ওভারে দেন মাত্র ১৪ রান।

রান তাড়ায় শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন হাবিবুর রহমান সোহান। পাওয়ার প্লেতেই ঝড় তুলে ১৭ বলে ৩৯ রান করেন তিনি, যেখানে ছিল পাঁচটি ছক্কা ও একটি চার। দ্রুত বিদায় নেন শান্ত, তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি মাহমুদুল হাসান জয় ও নুরুল হাসান সোহান।

এই দুজনের ৬৮ রানের জুটিতেই কার্যত নিশ্চিত হয়ে যায় দুর্বারের ফাইনাল। জয় ৫১ বলে ৫৮ রান করে আউট হলেও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান অপরাজিত ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ১১ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই জয়ে টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করল দুর্বার একাদশ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ধুমকেতু একাদশ। অন্যদিকে কোনো ম্যাচ না জিতেই অদম্য কাপ শেষ করল দুরন্ত একাদশ।

সংক্ষেপে ফলাফল
দুরন্ত একাদশ ১৪৫ রান, ১৯.৫ ওভার
দুর্বার একাদশ ১৪৯/৩, ১৭.৩ ওভার
ফল: দুর্বার একাদশ ৭ উইকেটে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত