হান্টকেই বিয়ে করছেন হ্যালি বেরি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ এএম

গুঞ্জনের অবসান ঘটিয়ে ৬ বছরের প্রেমিক গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ভ্যান হান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রস্তুতি নিচ্ছেন বন্ড কন্যা হ্যালি বেরি। বাগদান সম্পন্ন করে নিজেই খবরটি চাউর করলেন অস্কারজয়ী এই অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় টক শো ‘দ্য টুনাইট শো স্টার্টিং জিমি ফ্যালন’-এ হাজির হয়ে এই সুখবর দেন হ্যালি। একই সঙ্গে বাগদান ঘিরে ছড়িয়ে পড়া নানা গুজবও পরিষ্কার করেন তিনি। এতদিন শোনা যাচ্ছিল, ভ্যান হান্ট নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হ্যালি তাতে সাড়া দেননি। অনুষ্ঠানে সেই ধারণাকে স্পষ্টভাবে ভুল প্রমাণ করেন অভিনেত্রী। হ্যালি বলেন, আমরা এখনো বিয়ের তারিখ ঠিক করিনি। তবে এটুকু নিশ্চিত, আমি ওকেই বিয়ে করতে যাচ্ছি।’ বাগদানের ঘোষণার সঙ্গে সঙ্গে আলোচনায় আসে হ্যালির আংটিও। অনুষ্ঠানের সঞ্চালক জিমি ফ্যালন দুজনকে অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা দারুণ এক জুটি। তখন হাসিমুখে নিজের আংটি দেখিয়ে হ্যালি বলেন, ধন্যবাদ। ও আমাকে আংটি পরিয়েছে।

এই আংটি প্রথম নজরে আসে লন্ডনে হ্যালির নতুন ছবি ‘ক্রাইম ১০১’-এর একটি স্ক্রিনিংয়ে। পরে নিউ ইয়র্কের একটি প্রেস ইভেন্টেও সেটি দেখা যায়। যদিও আংটির ডিজাইনারের নাম প্রকাশ করা হয়নি, তবে গয়না বিশেষজ্ঞদের মতে, এর নকশায় আধুনিকতার চেয়ে ক্লাসিক রুচিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

হ্যালি বেরি ও ভ্যান হান্টের পরিচয় ২০২০ সালে, করোনার সময়। ভ্যান হান্টের ভাইয়ের মাধ্যমে টেক্সট মেসেজে তাদের প্রথম যোগাযোগ হয়। সে সময় ভ্যানের ভাই হ্যালির মেনোপজকেন্দ্রিক ওয়েলনেস ব্র্যান্ড ‘রেসপিন’-এর সঙ্গে কাজ করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত