আগের চেয়ে অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনয়। শুধু ভালো গল্প ও চরিত্র পেলেই অভিনয় করতে রাজি হন লাক্সতারকা মৌসুমী হামিদ। ২০১১ সালে লাক্স সুন্দরী নির্বাচিত হওয়ার পর দেড় দশকের কর্মজীবনে নানা ঘরানার কাজ করলেও বর্তমানে কাজের সংকটের কথাও তুলে ধরেছেন মৌসুমী। তার মতে, বর্তমানে অবস্থান অনুযায়ী মানসম্মত কাজ পাওয়া কঠিন হয়ে উঠেছে। বাজেট ও নতুন শিল্পীদের প্রতি নির্মাতাদের আগ্রহের কারণে অভিজ্ঞ শিল্পীরা অনেক সময় উপেক্ষিত হচ্ছেন। তবুও গড়পড়তা কাজ নয়, বরং গল্প ও চরিত্রের মান বিবেচনা করেই কাজ বেছে নেওয়ার সিদ্ধান্তে অটল তিনি। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি গল্প ও চরিত্রনির্ভর নাটকে অভিনয় করলেন তিনি। বংশ পরিচয় ও সামাজিক মর্যাদাকে কেন্দ্র করে প্রচলিত ধারণা, ভ-ামি ও দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে নতুন স্যাটায়ার কমেডি নাটক ‘বংশ মর্যাদা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নাটকটি পরিচালনা করেছেন মো. ফাহাদ এবং এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাজীব মণি দাস।
নাটকের গল্পে দেখা যাবে, মানুষ হিসেবে ভালো হওয়ার জন্য শুধু উত্তম ব্যবহারই নয়, সমাজে বংশ পরিচয়ও কীভাবে বড় হয়ে ওঠে। গল্পের প্রধান চরিত্র আরিফ গ্রামে প্রভাবশালী হলেও ‘ফকিরা বংশ’ পরিচয়ের কারণে নানা অবমাননার শিকার হয়। নাম ধরে ডাকা থেকে শুরু করে বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ার মতো ঘটনাগুলো সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকটির কাহিনি এগিয়ে যায়। এতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, রেশমা আহমেদ, কাজী রাজু, ফরিদ হোসাইনসহ অনেকে।
মৌসুমী হামিদ বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ। নির্মাণেও ছিল যতেœর ছাপ। বিনোদনের পাশাপাশি এতে বক্তব্য তুলে ধরেছেন নির্মাতা। নাটকের চরিত্রগুলোর মধ্যে অনেকেই তাদের চেনাজানা মানুষের ছায়া খুঁজে পাবেন। এটি দর্শকের পছন্দ হবে এ আশা করাই যায়।’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। নাটকের পাশাপাশি নতুন বছরে সিনেমা নিয়েও ব্যস্ত মৌসুমী হামিদ। আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘রঙবাজার’ ও ‘ট্রাইব্যুনাল’।
সম্প্রতি প্রকাশ পাওয়া ‘রঙবাজার’ সিনেমার ট্রেইলার দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ৪০০ বছরের পুরনো একটি যৌনপল্লী উচ্ছেদের সত্য ঘটনা অবলম্বনে। এতে একজন সাবেক যৌনকর্মী থেকে মাদক কারবারিতে পরিণত হওয়া কবিতা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। মৌসুমীর ভাষ্য, ‘বাইরে থেকে রঙিন মনে হলেও যৌনকর্মীদের জীবন ভীষণ কষ্টের, যা সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। আশা করছি চলচ্চিত্রটি দর্শকের ভালো লাগবে।’
অন্যদিকে রায়হান খান পরিচালিত ক্রাইম থ্রিলার ও কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তিনি অভিনয় করছেন একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে। সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে এবং শিগগিরই বাকি অংশের কাজ শুরু হবে।
