রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, রাজনীতিতে যেসব নারী সক্রিয়, নিজ অঙ্গনে তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি রাজনৈতিক দলের একটি আচরণবিধি থাকা উচিত। ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। এ সময় প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্মদানের ব্যবস্থা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি।
গতকাল রবিবার এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলনে গোলটেবিল আলোচনায় জাইমা রহমান বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব ‘কোড অব কন্ডাক্ট’ থাকা প্রয়োজন, যাতে নারী নেত্রী বা কর্মীরা কোনো ধরনের হয়রানির শিকার হলে দল দায় নেয় এবং তাদের পাশে দাঁড়ায়। রাজনীতি ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সম্পৃক্ততা না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় না। উপযুক্ত অভিভাবকত্ব ও সহায়তা ছাড়া নতুন নেতৃত্ব বিকশিত হতে পারে না। পুরুষদের জন্য নানা সুযোগ থাকলেও নারীরা এখনো সেই সুযোগ থেকে বঞ্চিত। তাই নারীদের জন্যও কার্যকর সংযোগ ও সহায়তা নিশ্চিত করতে হবে। সহায়তার পাশাপাশি নারী নেত্রীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
উইমেন ইন ডেমোক্রেসি (উইনড) উদ্যোগে ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি বলেন, রাজনীতিতে অর্থনৈতিক বিষয়টি বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক বৈষম্য দূর করতে নারী নেত্রীদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা প্রয়োজন। এতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণে যে প্রতিবন্ধকতা রয়েছে তা অনেকটাই কমে আসবে। তিনি বলেন, ডে-কেয়ারে সব ধরনের সুযোগ-সুবিধা থাকতে হবে। শিশুদের স্বাস্থ্য, চিকিৎসার বিষয়টি বিশেষভাবে নজরে রাখতে হবে। সুস্থ শিশু মায়েদের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। শিশুদের সুস্থ রাখতে ডে-কেয়ারগুলোতে পর্যাপ্ত জনবলের সঙ্গে শিশু বিশেষজ্ঞ-অভিজ্ঞদের সমন্বয় ঘটাতে হবে।
উইনডের পক্ষে আহ্বায়ক কাজী জেসিনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনা সভায় অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা, শ্রমিক নেতা কল্পনা আক্তার, মুক্তিযোদ্ধা লুৎফা হাসান রোজি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা, ডাকসুর কার্যকরী সদস্য হেমা বক্তব্য রাখেন।
এদিকে বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি জয়ী হলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে। নারী শিক্ষা নিশ্চিতে বাল্যবিয়ে বন্ধ করা হবে। এজন্য নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে, যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাবা-মায়ের ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে।
এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান ও তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
