গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায়, আর কে চায় না। তিনি বলেন, ‘আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল; তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।’
গতকাল রবিবার ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুরহাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।’ তিনি বলেন, ‘আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।’
