জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম। ফলাফল অনুযায়ী, গতকাল রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৩১৬টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি। তবে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।
নির্বাচনি প্রতিক্রিয়ায় তাকাইচি বলেন, আমরা ক্রমাগত একটি দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করব।
পর্যবেক্ষকদের মতে, তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা এ নির্বাচনে এলডিপিকে তাদের অবস্থান শক্তপোক্ত করতে সহায়তা করেছে বলে মনে করা হচ্ছে। পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকাইচি এখন তাঁর দীর্ঘদিনের স্বপ্ন-জাপানের ‘শান্তিবাদী সংবিধান’ সংশোধনের পথে হাঁটতে পারবেন। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানি সেনাবাহিনীর ওপর থাকা আইনি সীমাবদ্ধতা তুলে নেওয়ার সুযোগ তৈরি হবে।
জাপানের হোসেই ইউনিভার্সিটির প্রভাষক ক্রেগ মার্ক বলেন, এই ভূমিধস জয় লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে বিরোধী দলগুলোকে কোণঠাসা করার ক্ষমতা দেবে। মূলত তিনি এখন তাঁর ইচ্ছামতো যেকোনো আইন পাস করিয়ে নিতে পারবেন, সেটা সম্প্রতি অনুমোদিত রেকর্ড বাজেট হোক কিংবা প্রতিরক্ষা ব্যয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন। ফলাফল ঘোষণার আগেই ট্রাম্প তাকাইচিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে এক বিরল কূটনৈতিক সৌজন্য দেখিয়েছেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাকাইচিকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
