ফেব্রুয়ারি বইমেলার মাস। প্রতিবছরই এক বা একাধিক বই প্রকাশ করেন প্রথম লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানুর। কিন্তু এবার বইমেলা না মনটা শানুর ভীষণ খারাপ। তবে সেই মন খারাপ ভাবটা কাটিয়ে তার মনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে দীপ্ত টিভিতে প্রচার-চলতি ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। নাটকটিতে লুবনা চরিত্রে অনবদ্য অভিনয় করে ভীষণ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। নাটকটি পরিচালনা করছেন আশীষ রায়। নাটকে শানু ছাড়া আরও অভিনয় করছেন ডলি জহুর, মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকারসহ অনেকে।
শানু বলেন, ‘সত্যি বলতে, যারা বইপ্রেমী ও লেখালেখির সঙ্গে জড়িত, তারা প্রাণের বইমেলার জন্য মুখিয়ে থাকেন। সব লেখকের মনেই অন্যরকম এক উন্মাদনা কাজ করে। বিষয়টি শুধু তারাই বুঝবেন, যারা বছর জুড়ে ফেব্রুয়ারির জন্য ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, হোক তিনি লেখক কিংবা পাঠক। আমি নিজেও একজন লেখক এবং পাঠকও বটে। তাই লেখক হিসেবে আমার মনটা যতটুকু খারাপ, পাঠক হিসেবে যেনও আরও বেশি খারাপ। যা হোক, করার কিছু নেই। আর পরম্পরা নাটকে লুবনা চরিত্রটি এরই মধ্যে ত্রিশটি পর্ব প্রচারের পর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক দর্শকের কাছ থেকেই এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও সবাই প্রশংসা করছেন। আশা করছি, নাটকটির ভবিষ্যতে আরও দর্শকপ্রিয়তা বাড়বে। কারণ গল্প সামনে আরও জমে উঠবে।’
২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাহবুব জামিলের সঙ্গে শানুর বিয়ে হয়। শানু বলেন, ‘তিনি মূলত একজন কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। আমরা দুজনই শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’ বিটিভিতে শানু অভিনীত সোহেল আরমান পরিচালিত ‘জল জোছনা’ নাটকটিও প্রচারিত
হচ্ছে। শানু ২০০৫ সালে ‘লাক্স চ্যানেল আই’ প্রতিযোগিতার মুকুট বিজয়ীর পর অভিনেত্রী ঈশিতার নির্দেশনায় তিনি প্রথম ‘নিঝুম অরণ্য’ নাটকে অভিনয় করেন। তার অভিনীত
প্রথম সিনেমা খিজির হায়াত খান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’।
