১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব। গতকাল সোমবার সকালে বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে, যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে। সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদের পরাজিত করতে হবে। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ, আমরা তরুণ-যুবসমাজ সবাই আছি। আমরা শুধু ঢাকা-১১ আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। ১১-দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ১১-দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনারা সারা বাংলাদেশে যে যেখানে, যে মার্কা যে প্রার্থী আছেন তাদের সহযোগিতা ও ভোট দিয়ে জিতিয়ে আসবেন। এ আহ্বান আপনাদের প্রতি রইল।
ঢাকা-১১ আসনের চিত্র তুলে ধরে তিনি বলেন, এখানে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, স্কুল, হাসপাতাল নেই, সরকারি হাসপাতাল নেই, সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১৫টি। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই নির্ভরশীল হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপর। বর্ষাকালে প্রায় ৬০ শতাংশ রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায় বাকি ৭০ শতাংশ এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশপাশের খালগুলো সেটা পূরণ করে। আমাদের যে খালগুলো রয়েছে রামপুরা খাল, শাহজাদপুর খাল এগুলো দখল করা হয়েছে। নদী দখল করে বালু ফেলা হয়েছে।
এ অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে নাহিদ আরও বলেন, এ অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যেসব মানুষ ভূমি হারিয়েছে, তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। নতুবা তাদের আমরা ন্যায্যমূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে আমরা চিরতরে নির্মূল করব।
