আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়ার আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ব্রিগেডের নেতৃত্বে অনুষ্ঠিত মহড়ায় অংশ নেন সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সেনাবাহিনী সূত্র জানায়, নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে এই মহড়া ও ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে।
সূত্রটি আরও জানায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এ ধরনের মহড়া সাধারণ মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া প্রধান মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ-দৌলা ও কুমিল্লা প্রশাসক মু. রেজা হাসান।
বিদ্রুপের শিকার চিত্রনায়িকা শিমলা