গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে চরম নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন। এলাকায় একাধিক সহিংস ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি।
নুর অভিযোগ করেন, এলাকায় পরপর পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এরমধ্যে রয়েছে অগ্নিসংযোগ, অফিস পোড়ানো, নারী ধর্ষণ ও হত্যা, অফিস ভাঙচুর এবং কুপিয়ে আহত করার ঘটনা। তিনি বলেন, এত গুরুতর অপরাধের পরও প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক নয়।
এসব বিষয়ে নির্বাচন কমিশনের সচিব ও পুলিশ মহাপরিদর্শককে অবহিত করার কথা জানান তিনি। নুর আরও অভিযোগ করেন, এক স্বতন্ত্র প্রার্থী এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু ও চাঁদাবাজ মাফিয়াদের নিয়ে অশান্তি সৃষ্টি করছেন এবং পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এসব অপকর্ম বন্ধে প্রশাসন যদি শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করে নুর বলেন, আমি একটি দলের প্রধান ও সাবেক ভিপি। আমার মতো একজন প্রার্থী যদি এমন নিরাপত্তাহীনতায় থাকি, তাহলে সারা দেশের পরিস্থিতি কেমন হতে পারে তা ভেবে আমি উদ্বিগ্ন।
