একুশের নাটকে পুতুল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম

সদ্য ঘোষিত হওয়া ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী-উপস্থাপক আইনূন নাহার পুতুল। পুরস্কার ঘোষণার পর থেকেই যেন শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন পুতুল। পরিচিত, অপরিচিত মানুষজন, ভক্ত, দর্শকের ভালোবাসায় এক অন্যরকম আনন্দ-উচ্ছ্বাসে সময় পার করছেন ‘সাঁতাও’ কন্যা। আনন্দঘন পরিবেশেই পুতুল তার সাধারণ কাজ কর্ম ঠিকঠাক মতোই করে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার দিনভর তিনি ব্যস্ত ছিলেন বাংলাদেশ বেতারের একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক নিয়ে। ‘সমান্তরাল’ শিরোনামের এই নাটকের গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দুলাল এবং পরিচালনা করেছেন খ্যাতিমান অভিনেত্রী আলেয়া ফেরদৌসী।

নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা আইনুন পুতুল বলেন, ‘আলহামদুলিল্লাহ সত্যিই জীবনের সেরা সময়টুকুই পার করছি আমি। যেখানেই যাচ্ছি সবাই বেশ আন্তরিকতা নিয়ে সম্মান দিয়ে কথা বলছেন। যদিও আগেও এমন হতো। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির পর যেন আর একটু বদলে গেছে। যেমন বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে আমি ‘খ’তে উন্নীত হয়েছি। হয়তো বিটিভিতেও গ্রেড-এর পরিবর্তন হবে। কাজ হয়তো আগামীতে বাড়বে, সেটা সময়ই বলে দেবে। তবে আমি সময়টা ভীষণ উপভোগ করছি। মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। দর্শকের প্রতি অপরিসীম ভালোবাসা। আর আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় আলেয়া ফেরদৌসী ম্যাডামের নির্দেশনায় অভিনয় করতে পেরেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত