স্পটিফাই বই বিক্রি শুরু করছে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম

অডিওবুকের পর বই বিক্রির বাজারে আসছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। অডিওবুক ফিচারের সফলতার পর ব্যবহারকারীদের জন্য সরাসরি বই কেনার সুবিধা চালু করছে তারা। স্পটিফাই বলেছে, তাদের লক্ষ্য ‘বই পড়াকে আরও নমনীয়, ব্যক্তিগত ও বিভিন্ন মাধ্যমে মানুষের দৈনন্দিন মুহূর্তগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া।’

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, ২০২২ সালে স্পটিফাই প্রথম অডিওবুক সেবা চালু করে। শুরুতে ব্যবহারকারীরা যখন কোনো বই শুনতে চাইতেন তখন তা কিনে নিতে হতো। তবে এর এক বছর পর নিজেদের নিয়মিত সাবস্ক্রিপশন ফির মধ্যেই মাসে ১৫ ঘণ্টা পর্যন্ত বই শোনার সুযোগ দিতে শুরু করে কোম্পানিটি। বই বিক্রির এ ফিচারটি পরিচালিত হবে ‘বুকশপ ডটঅর্গ’-এর মাধ্যমে। এ ওয়েবসাইটের সাহায্যে ক্রেতারা তাদের অঞ্চলের স্থানীয় ও স্বতন্ত্র বিভিন্ন দোকান থেকে বই কিনতে পারবেন।

স্পটিফাই বলেছে, ব্যবহারকারীরা যাতে কোনো বই প্রথমে অডিও সংস্করণে শুনে পরে চাইলে সেটির ছাপানো কপি কেনেন সেই লক্ষ্যেই এ সুবিধা এনেছে তারা। সাধারণ বই বিক্রেতাদের ব্যবসা যাতে ক্ষতির মুখে না পড়ে সে বিষয়ে কোম্পানিটি সচেতন বলেই মনে হচ্ছে।  ঘোষণায় স্পটিফাই বলেছে, ‘প্রচলিত খুচরা বিক্রির মাধ্যমকে সরিয়ে দেওয়ার জন্য নয়, বরং বর্তমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ পার্টনারশিপটি তৈরি করেছি আমরা।’

স্পটিফাই জোর দিয়ে বলেছে, এ পার্টনারশিপের মাধ্যমে প্রকাশকদের সঙ্গে পাঠকদের সম্পর্ক আরও দৃঢ় হবে। এ প্রক্রিয়াটিকে আরও সহজ করতে ‘পেইজ ম্যাচ’ নামে নতুন এক টুল চালু করছে স্পটিফাই। যার মাধ্যমে নিজেদের বইয়ের যেকোনো পেজ স্ক্যান করে সরাসরি অডিওবুকের সেই নির্দিষ্ট অংশে চলে যেতে পারবেন ব্যবহারকারী। আবার অডিওবুক শোনার সময় তা ঠিক কোন পেজে আছে তা-ও দেখে নেওয়া যাবে।

স্পটিফাই বলেছে, ‘আমরা পড়ার ভবিষ্যৎকে এমনভাবে দেখি, যা হবে ব্যক্তিগত এবং এমন যা বিভিন্ন মাধ্যম ও সময়ের সঙ্গে সহজে খাপ খাইয়ে নেয়। কীভাবে স্পটিফাই বড় পরিসরে সেই ভবিষ্যৎ গঠনে সহায়তা করছে পেজ ম্যাচ হচ্ছে এর প্রাথমিক ধাপ।’ শুরুতে সুবিধাটি ইংরেজি ভাষার বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে পাওয়া যাবে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়ানো হবে। গত বছরের শেষদিকে আইওএস ফোনে চালুর পর এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও তাদের ‘অডিওবুক রিক্যাপস’ ফিচারটি নিয়ে আসছে স্পটিফাই।

এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যখন বিরতির পর আবার বই শুনতে শুরু করবেন তখন আগের বিভিন্ন অংশে কী ঘটেছিল তার এক সংক্ষিপ্ত সারসংক্ষেপ পেয়ে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত